ছুটির বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুটা সময় কাটান ক্রিকেটার সাকিব আল হাসানের শিশু মেয়ে আলাইনা হাসান অব্রির সঙ্গে।
প্রধানমন্ত্রী একেক রঙের বল তুলছেন হাতে আর আলাইনার কাছে জানতে চান, তার হাতে থাকা বলের রংটা কী? আলাইনা ভাঙা ভাঙা সুরে উত্তর দেয় সবুজ, লাল, হলুদ। সাকিব-কন্যার প্রতিভায় অভিভূত-মুগ্ধ হয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সব জানে সে’।
দুই বছরের মেয়েটিকে নিয়ে অ্যাকুরিয়ামে মাছ দেখানো, বিভিন্ন রঙের ছোট ছোট বল নিয়ে তার সঙ্গে খেলা, মোবাইলে তাকে কিছু একটা দেখানো এবং তাকে কোলে নিয়ে প্রধানমন্ত্রীর হাস্যোজ্জ্বল ছবি ফেইসবুকে ভাইরাল হয়েছে।
শুক্রবার রাতে এসব ছবি ফেইসবুকে পোস্ট করে সাকিবের স্ত্রী উম্মে আল হাসান শিশির লিখেছেন, আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কিছু ভালো সময় কাটাল আলাইনা! কী ভীষণ মাতৃসুলভ ও মমতাময়ী তিনি।
হতে পারেন সরকারপ্রধান, হতে পারেন দেশের শীর্ষ রাজনৈতিক দলের প্রধান। কিন্তু কঠিন সব কাজের ভিড়ে তার কোমল মনটা তো আর তাতে আড়াল হয় না। শিশুদের প্রতি তার আলাদা মমত্ববোধ কাজ করে সব সময়ই। আজ সেটি দেখা গেল আরেকবার।
বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের মেয়েকে কাছে পেয়ে শেখ হাসিনা যেন আর প্রধানমন্ত্রী নন হয়ে গেলেন আলাইনার ‘দাদু’! অনিন্দ্যসুন্দর এ দৃশ্য ফ্রেমবন্দী করে ফেসবুকে পোস্ট করেছেন আলাইনার মা উম্মে আহমেদ শিশির।
সেই রাজকন্যাকে সফেদ ম্যাক্সি-ওড়না পরা শেখ হাসিনা ঘুরে ঘুরে অ্যাকোরিয়ামে মাছের রাজ্য দেখান! কখনো বা তাকে কোলে নিয়ে গপ্প-সপ্প করছেন হাসিমুখে। আবার মুঠোফোন থেকে কিছু একটা দেখাচ্ছেন। ছবির সঙ্গে একটি ভিডিও আছে। সেখানে দেখা যাচ্ছে অসংখ্য রঙিন ছোট ছোট বল নিয়ে খেলছে আলাইনা। প্রধানমন্ত্রীও খেলছেন তার সঙ্গে। একটি ছবিতে আবার হাসিমুখে ছবি তুলে প্রধানমন্ত্রী যেন জানাচ্ছেন, আলাইনার সঙ্গে সময় কাটিয়ে তিনি কতটা খুশি! আলাইনাও নিশ্চয়ই অনেক খুশি। খুশি তার বাবা সাকিব, মা শিশিরও।