রোহিঙ্গা পরিস্থিতি দেখতে বাংলাদেশ ও মিয়ানমার সফরে আসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল। এ মাসেই তারা দেশ দুটিতে সফর করবে। একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন প্রতিনিধি দলকে স্বগত জানাতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।
এছাড়া রোহিঙ্গা শিবির পরিদর্শনে আগামী ১৭ মার্চ বাংলাদেশে আসছেন ইউএনএইচসিআরের শুভেচ্ছা দূত ও অস্কারবিজয়ী অভিনেত্রী কেট ব্ল্যানচেট।
গত ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে বেশ কয়েকটি তল্লাশি চৌকিতে হামলা চালায় কোনো এক বিদ্রোহী গোষ্ঠী। হামলার জন্য দেশটির সেনাবাহিনী রোহিঙ্গা বিদ্রোহীদের দায়ী করে তাদের ওপর নির্বিচারে নির্যাতন ও হত্যাযজ্ঞ শুরু করে। এরপর থেকেই রাখাইন ও আরকান রাজ্য থেকে কক্সবাজারের টেকনাফসহ বিভিন্ন সীমান্ত দিয়ে নাফ নদী পার হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আসতে শুরু করে। যার সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখেরও বেশি।
এরপর রোহিঙ্গা সংকট ও রাখাইন পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একাধিকবার আলোচনা হয়। এতে প্রায় সব সদস্য রাষ্ট্র একমত হলেও চীন ও রাশিয়ার কারণে কোনো শক্ত অবস্থানে যাওয়া সম্ভব হয়নি।
তবে রোহিঙ্গাদের সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করতে বাংলাদেশ ও মিয়ানমার সফরের সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। চলতি মাসে অনুষ্ঠিত এক বৈঠকে নিরাপত্তা পরিষদের সভাপতি কুয়েত ও অন্য সদস্য রাষ্ট্রগুলো এ সিদ্ধান্ত নেয়।
মার্চের তৃতীয় সপ্তাহে তাদের আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র। উভয় দেশ সফর করে—এবার এ বিষয়ে নিরাপত্তা পরিষদ গুরুত্বপূর্ণ অবস্থান নেবে বলে আশা করছে বাংলাদেশ সরকার।
এদিকে, রোহিঙ্গাদের দুর্দশা দেখতে হলিউড অভিনেত্রী ও জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর শুভেচ্ছাদূত কেট ব্ল্যানচেট ১৭ মার্চ বাংলাদেশে আসছেন। চারদিনের সফরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন অস্কারজয়ী এ অভিনেত্রী। এছাড়া সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে।
এছাড়াও হলিউডের অভনেত্রী ও ইউএনএইচসিআর'র বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলিকে রোহিঙ্গাদের অবস্থা দেখার জন্য বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।