সরকারি হিসেবে দেশে বাল্য বিয়ের হার কমেছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। সোমবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মেহের আফরোজ চুমকি বলেন, বর্তমানে দেশের ১৮ বছরের নিচে বয়সী ৪৭ ভাগ মেয়েদের বিয়ে হচ্ছে। অন্যদিকে ১৫ বছর বয়সের নিচে বিয়ে হচ্ছে ১০ দশমিক ৭০ শতাংশের। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দ্যা গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্টে রাষ্ট্র ক্ষমতায় নারীর অবস্থান বিবেচনায় বাংলাদেশ এখন সবার প্রথমে।
সর্বশেষ সরকারি গবেষণা প্রতিষ্ঠানগুলোর তথ্য তুলে ধরে তিনি বলেন, বর্তমানে দেশের ১৮ বছরের নিচে বয়স এমন ৪৭ শতাংশের বিয়ে হচ্ছে। আর পনেরো বছরের নিচে বিয়ে হওয়া মেয়েদের সংখ্যা ১০ দশমিক ৭০ শতাংশ। গণমাধ্যম বাল্যবিয়ে নিয়ে যে সংবাদ প্রকাশ করেছে সে তথ্য সঠিক নয়।
মেহের আফরোজ চুমকি বলেন, সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দ্যা জেন্ডার গ্যাপ রিপোর্টেও বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় নারীর অবস্থান এক নম্বরে বলে বিবেচিত করা হয়েছে। সার্বিক নারী উন্নয়ন সূচকে ১৪৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৬৪তম আর ভারতের অবস্থান ১০৮ নম্বরে।
তিনি আরো বলেন, সরকার মনে করে বাল্যবিয়ে নারীর ক্ষমতায়নের অন্যতম অন্তরায় এবং মানবাধিকার লঙ্ঘন। সরকারের লক্ষ্য ২০২১ সালের মধ্যে বাংলাদেশে ১৫ বছরের নিচে বিয়ে সম্পূর্ণ বন্ধ করা।
নারী ক্ষমতায়নে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী।