সরকারি চাকরির কোটাপদ্ধতি সংস্কারসহ পাঁচ দফা দাবিতে চাকরিপ্রার্থীদের মিছিল পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে। হাইকোর্ট মোড়ে বিক্ষোভের সময় ৫ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকেন। এ সময় কয়েক হাজার আন্দোলনকারী শাহবাগে ব্যানার ও প্লাকার্ড নিয়ে মিছিল বের করেন। তারা কোটা সংস্কারের দাবিতে স্লোগান দিতে থাকে। এ সময় পাঁচ দফা দাবি নিয়ে বিক্ষোভকারীরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে স্মারকলিপি দিতে গেলে হাইকোর্ট মোড়ে পুলিশ তাদের বাধা দেয়।
একপর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে ও লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অনেকে আহত হন। এ সময় আন্দোলনকারী ৫ জনকে আটক করে পুলিশ। ওই আটক ব্যক্তিদের ছাড়াতে তারা রমনা থানায় গেলে কমপক্ষে ৫০ জনকে পুলিশ আটক করেছে বলে বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন।