প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকে দেয়া ৮ হাজার ৩২ জন রোহিঙ্গার প্রথম তালিকা থেকে ৩৭৪ জনকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে দেশটি। বুধবার মিয়ানমারের রাজধানী নেপিদোতে এক সংবাদ সম্মেলনে দেশটির কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
রয়টার্স জানিয়েছে, মিয়ানমারের কর্মকর্তারা ওই ৩৭৪ জন রোহিঙ্গার রাখাইনে বসবাসের বিষয়ে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছেন। বাকিদের বিষয়ে দেয়া তথ্য অসম্পূর্ণ বলে অভিযোগ করেছেন তারা।
মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মিন্ট থু বলেন, ফেব্রুয়ারিত বাংলাদেশের দেওয়া ৮ হাজার ৩২ জনের কাগজপত্র পরীক্ষা করেছেন কর্মকর্তারা। এর মধ্যে ৩৭৪ জনের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। প্রথম দফায় তাদের প্রত্যাবাসন হবে। তাদের সুবিধাজনক সময়ে তারা ফিরতে পারেন।
বাকিদের বিষয়ে তিনি বলেন, অনেকের ক্ষেত্রে আঙুলের ছাপ ও ছবি যুক্ত করা হয়নি। সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল উইন থু বলেন, এসব নথিপত্র মিয়ানমারের চুক্তির সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়নি। প্রস্তাবিত ওই তালিকায় তিনজন 'সন্ত্রাসী' রয়েছে বলেও দাবি তাদের।