নেপালের কাঠমাণ্ডুতে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য শুক্রবার সারাদেশের মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়েছে। এসময় বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান দেশবাসী। আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
সোমবার কাঠমাণ্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য একদিনের রাষ্ট্রীয় শোক পালনের পরের দিন শুক্রবার তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে মসজিদ-মন্দিরসহ দেশের প্রত্যেকটি ধর্মীয় উপাসনালয় আও প্রতিষ্ঠানে বিশেষ বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়।
সকালে রাজধানীর বিভিন্ন চার্চ ও প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। ঢাকেশ্বরী মন্দীরসহ বিভিন্ন মন্দিরে আহত ও নিহতদের স্মরনে প্রার্থণা সভার আয়োজন করা হয়। বিশেষ প্রার্থনা করেন পুরোহিত। এসময় নিহতদের আত্মার শান্তি কামনা করা হয়। আর আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীর বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। হাজারো মুসল্লি এতে অংশ নেন। তারা হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সেইসঙ্গে আহতরা যেন দ্রুত সেরে উঠে সেজন্য প্রার্থনা করেন।
এদিকে রাজধানীর পাশাপাশি নাটোরসহ দেশের বিভিন্ন স্থানে মসজিদ ও মন্দিরসহ সকল ধর্মীয় উপাসনালয়ে কাঠমাণ্ডু দুর্ঘটনায় নিহতদের জন্য দোয়া ও প্রার্থনা হয়েছে।