আসন্ন বর্ষা মৌসুমে কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে বন্যার আশঙ্কায় বাংলাদেশকে সহযোগিতায় ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। এ বিষয়ে ভারতকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাবও দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এক সিনিয়র মার্কিন কর্মকর্তা।
সিনিয়র ওই মার্কিন কর্মকর্তা বলেন, বাংলাদেশে রোহিঙ্গাদের প্রয়োজনীয়তা মেটানোর ক্ষেত্রে ভারতের সঙ্গে কাজ করার উপায় খুঁজছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তাদের নিরাপদে ও স্বেচ্ছায় ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগের জন্য কাজ করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে দ্য হিন্দু'র খবরে বলা হয়েছে, ভারতের পররাষ্ট্র সচিব এপ্রিল মাসে ঢাকা সফর করবেন। এছাড়া আগামী কয়েকমাসে একাধিক ভারতীয় মন্ত্রীও বাংলাদেশ সফর করবেন। এসব সফরে যৌথভাবে সহযোগিতার বিষয়ে সিদ্ধান্ত হবে।