দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার উন্নয়নের একটি বিকল্প সংস্থা হতে পারে বিমসটেক— এ মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।
মঙ্গলবার গুলশানে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ মাল্টি সেক্টরাল টেকনিক্যাল আ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) সচিবালয়ে 'বিমসটেক প্রতিষ্ঠার ২০ বছর’ উপলক্ষে আয়োজিত কনফারেন্সে এ মন্তব্য করেন তিনি।
এএইচ মাহমুদ আলী বলেন, বিমসটেক দেশগুলোর মধ্যে বাণিজ্য মাত্র ৭ শতাংশ। এটি ২১ শতাংশে উন্নীত করা সম্ভব। বিনিয়োগ ও জ্বালানি বিনিময়ে এ এলাকার উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বিমসটেক দেশগুলো।
উল্লেখ্য, ২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর বাংলাদেশে এটির প্রধান কার্যালয় স্থাপিত হয়। বিমসটেক সাতটি স্বাধীন ও সার্বভৌম জাতির সঙ্গে যুক্ত। ১৯৯৭ সালে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাত দেশের জোট ‘বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন’ (বিমসটেক) গঠিত হয়।
ব্যাংকক ঘোষণার মধ্যদিয়ে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড এ উদ্যোগ নেয়; পরে মায়ানমার, নেপাল ও ভুটান যোগ দেয়। সহযোগিতার ক্ষেত্রও বেড়ে ১৪ সদস্যে দাঁড়িয়েছে।