অনুমোদিত নকশা ছাড়া বাড়ি বানানোর অভিযোগে রাজধানীর গুলশানে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি ও হা-মীম গ্রুপের মালিক একে আজাদের বাড়ির একাংশ ভেঙেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
মঙ্গলবার সকালে গুলশান ২ নম্বরের ৮৬ নম্বর সড়কের ১ নম্বর বাড়িটির প্রবেশ মুখ স্কেবেটরসহ বিভিন্ন যন্ত্র দিয়ে ভাঙা হয়। তবে আজকের মতো অভিযান স্থগিত করা হয়েছে।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট অফিসার ওয়ালিউর রহমান বলেন, বাড়িটি রাজউক অনুমোদিত কোনো নকশা নেই— এ কারণে ভাঙা হয়।
বিকেল ৪টার দিকে বাড়িটিতে সকাল থেকে চালানো ওই অভিযান স্থগিত করা হয় বলে জানান তিনি।
তিনি আরো বলেন, এ বাড়িটির কোনো নকশা নাই-- পুরো বাড়ি বানিয়েছে নকশা ছাড়া। একটা স্ট্রাকচারাল নকশা তারা দেখিয়েছেন... কিন্তু তা রাজউক অনুমোদিত নয়।
পুরো বাড়ি ভেঙে ফেলা হবে কি না সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে রাজউকের এ পরিচালক বলেন, নিয়ম তো তাই। একে আজাদের বাড়ির একাংশ ভাঙা হলো।