উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হওয়ায় বাংলাদেশকে আর কেউ অবহেলা করতে পারবে না—উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই এ অর্জন সম্ভব হয়েছে।
বুধবার চট্টগ্রামের পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জনসভার স্থানীয় আওয়ামী লীগের আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।
এ সময় উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার প্রতিশ্রুতি দিয়ে নৌকায় ভোট চেয়ে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় জানিয়ে এর ধারাবাহিকতা অব্যাহত রাখাতে হবে। দেশের মাটিতে দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই।
বিএনপি-জামাত দেশকে জঙ্গিবাদ ও সন্ত্রাসের রাষ্ট্রে পরিণত করেছিল উল্লেখ করে তিনি বলেন, তারা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছিল।
শেখ হাসিনা বলেন, এতিমদের নামে আসা অর্থ আত্মসাত করায় খালেদা জিয়ার সাজা হয়েছে।
তরুণদের জঙ্গিবাদের পথ থেকে দূরে রাখতে অভিভাবকদেরকে সন্তানদের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, জাতির পিতাকে হত্যার পর যুদ্ধাপরাধীদের পুনর্বাসন করা হয়েছিল। দেশকে পিছিয়ে দেওয়া হয়েছিল। তাদের বিচার করে নির্বাচনী ওয়াদা রক্ষা করেছে আওয়ামী লীগ।
মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কারণে দেশ স্বাধীন হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সবার আগে তাদের অধিকার নিশ্চিত হবে। মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারদের সর্বাধিকার দিচ্ছে সরকার।