নেপালের কাঠমান্ডুতে বিধ্বস্ত ইউএস-বাংলার উড়োজাহাজটির প্রধান বৈমানিক ক্যাপ্টেন আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানম মারা গেছেন। শুক্রবার সকালে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিমান দুর্ঘটনায় স্বামীর মৃত্যুর খবরে স্ট্রোক করলে হাসপাতালে ভর্তি করা হয় আফসানাকে। সেখানে ৬ দিন চিকিৎসাধীন থাকার পর সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বনানী কবরস্থানে স্বামী আবিদের পাশেই দাফন করা হয় আফসানাকে।
এর আগে দুপুরে হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় আবিদ-আফসানার উত্তরার বাসায়। বাদ আসর তাদের বাসার কাছের মসজিদে নামাজে জানাজা হয়। পরে বনানী কবরস্থানে ক্যাপ্টেইন আবিদের পাশেই দাফন করা হয় তার স্ত্রী আফসানাকে।
গত ১২ মার্চ কাঠমান্ডুতে বিধ্বস্ত ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমানের ক্যাপ্টেইন ছিলেন আবিদ সুলতান। দুর্ঘটনার খবর পেয়ে অসুস্থ হয়ে পড়েন তার স্ত্রী আফসানা। পরে স্বামীর মৃত্যুর খবরে স্ট্রোক করলে গত রোববার শেরেবাংলা নগরের নিউরোসায়েন্স হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচার শেষে তাকে আইসিইউতে রাখা হয়।
ওইদিন রাতে আবারো স্ট্রোক করলে আফসানার মস্তিস্কে দ্বিতীয় দফা অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে হাসপাতালে লাইফ সার্পোটে রাখা হয় তাকে। মাত্র ১১ দিনের ব্যবধানে বাবা-মায়ের মৃত্যুতে শোকস্তব্ধ আবিদ-আফসানার একমাত্র সন্তান তানজিদ সুলতান।