দেশ এগিয়ে যাবার যাত্রাপথ যেন থেমে না যায় সেটি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিজয়ী জাতি হিসেবে মাথা উঁচু করে চলবে বাংলাদেশ—এ কথা জানিয়েছে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় সম্মানজনক অবস্থানে দেশকে নিয়ে যাওয়াই তার লক্ষ্য। আর সরকারের ধারাবাহিকতা ছিল বলেই বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ হয়েছে।
রোববার সকালে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
জাতীয় পর্যায়ে গৌরবজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেয়া হয় স্বাধীনতা পুরস্কার। এবার ৭টি ক্যাটাগরিতে ১৮ জন গুণীজনকে দেয়া হয় রাষ্ট্রের সর্বোচ্চ জাতীয় পুরস্কার।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কারপাপ্তদের হাতে আর মরণোত্তর পুরস্কারপ্রাপ্তদের স্বজনদের হাতে পুরস্কার তুলেন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, দেশের জন্য আর্থ সামাজিক উন্নয়নের জন্য যারা অবদান রেখেছেন তাদের সম্মান জানাতে হবে।
বিএনপি-জামাত জোটের সঙ্গে আওয়ামী লীগ সরকারের তুলনামূলক চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হবে।
মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে সম্মানজনক অবস্থানে নিয়ে যাওয়াই তার রাজনীতির লক্ষ্য বলে জানান শেখ হাসিনা।
বঙ্গবন্ধুর নেতৃত্বে সাড়ে তিন বছরে দেশ স্বল্পোন্নত হয়েছিল জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ৪৩ বছর পর আওয়ামী লীগের নেতৃত্বেই উন্নয়নশীল দেশে উত্তরণ করলো বাংলাদেশ।