বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ হলে তার চিকিৎসার জন্য সরকার প্রয়োজনীয় সব কিছুই করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে দলের ধানমন্ডি কার্যালয়ে নিয়মিত বৈঠক তিনি এ কথা বলেন।
বিএনপির নেত্রীর শারিরীক অসুস্থতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য নিয়ম অনুযায়ী যা করা দরকার তাই করা হবে। দেশে সুচিকিৎসা সম্ভব না হলে পাঠানো হবে বিদেশে।
সরকার বিএনপি নেত্রীকে বিদেশ পাঠাতে চায়— এমন জল্পনার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে ওবায়দুল কাদের গুজবে কান দেয়ার কথা বলেন।
এছাড়াও সভায় বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়— পরে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অভিযোগ করেন, বৃহস্পতিবার অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে বেশিরভাগ জায়গাতেই আওয়ামী লীগ জিতলেও গণমাধ্যমে সে বিজয়ের সংবাদ খুব একটা আসেনি। আওয়ামী লীগের কোন্দলের কারণেই কিছু কিছু জায়গায় জিতেছে বিএনপি।
বৃহস্পতিবারের স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের কয়েকটি জায়গায় পরাজয়ের পেছনে দলের অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, সম্পাদকমণ্ডলীর এ সভার সিদ্ধান্ত আর সম্প্রতি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে পরাজয় ও স্থানীয় নির্বাচনের ফলাফল নিয়ে শনিবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় আলোচনা হবে।