নিজ নিজ ধর্ম সঠিকভাবে পালন করে অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে এক হয়ে কাজ করতে হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার দুপুরে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন প্রকল্প ও স্থাপনাকাজের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ধর্মের প্রকৃত শিক্ষা থেকে দূরে রাখতে এবং সুনাম ক্ষুন্ন করতেই ইসলামের নামে সন্ত্রাস-জঙ্গিবাদ চালানো হচ্ছে। তবে দেশের সকল ধর্মের মানুষ যেন শান্তিতে থাকতে পারে সরকার সে লক্ষ্যে কাজ করছে।
অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়ার আহ্বান জানিয়ে্ তিনি বলেন, সকলকে ইসলাম ধর্মের পবিত্রতা ও মর্যাদা রক্ষা করতে হবে।
এর আগে সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোম্পানিগঞ্জ-মুরাদনগর-হোমনা মহাসড়ক, গৌরীপুর-হোমনা সেতু এবং কুমিল্লার শাসনগাছা ও পদুয়া বাজার রেলওয়ে ওভারপাস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
ঢাকা-চট্টগ্রাম চার লেইন প্রকল্পের আওতায় কুমিল্লার পদুয়া বাজারে ৩৪৪ দশমিক ১৭৫ মিটার দৈর্ঘ্যের এই ওভারপাসটি ৩০ কোটি ৪৬ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সড়ক ও জনপথ অধিদপ্তর ৯৪ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে কুমিল্লা শহরের শাসনগাছায় ৬৩১ দশমিক ৫০ মিটার দৈর্ঘ্যের ওভারপাস নির্মাণ করে। কোম্পানিগঞ্জ-মুরাদনগর-হোমনা মহাসড়ক ও গৌরিপুর-হোমনা সেতুটিও সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে।
এ তিন প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে সবাই মিলে দেশ গড়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এছাড়াও প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের প্রকল্প হাতে নিয়েছে সরকার। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রথম পর্যায়ে দেশের ৯টি স্থানে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।