কোটা বাতিলের প্রজ্ঞাপন যথাসময়ে প্রকাশ করা হবে—জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খান।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে নিজ দপ্তরে আলাপকালে এ কথা জানান জনপ্রশাসন সচিব।
এ বিষয়ে মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর পরবর্তী নির্দেশনার অপেক্ষায় বলেও জানান তিনি।
প্রজ্ঞাপন কবে নাগাদ হতে পারে- এ প্রশ্নের জবাবে জনপ্রশাসন সচিব বলেন, যথাসময়েই হবে।
সব চাকরির ক্ষেত্রেই কোটা বাতিল হবে কি না জানতে চাইলে সচিব বলেন, সুস্পষ্ট নির্দেশনা পেলেই এই বিষয়ে বলা যাবে।
গত রোববার থেকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামেন সারা দেশের শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা।
আন্দোলনের পরিপ্রেক্ষিতে গতকাল বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বাতিলের ঘোষণা দেন।
এরপর বৃহস্পতিবার কোটা সংস্কার নিয়ে আন্দোলন করা সাধারণ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতারা প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন স্থগিত করার ঘোষণা দেন।