আসছে পহেলা বৈশাখকে ঘিরে কোনো ধরনের হামলার হুমকি না নেই তবে সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে বর্ষবরণ উৎসব উদযাপন করতে পারে সেজন্য নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হয়েছে বলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।
এবার মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।
আর নারীদের উত্ত্যক্ত করা প্রতিরোধে পুলিশের বিশেষ দল থাকবে পুরো এলাকা জুড়ে।
বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার এসব কথা জানান।
পহেলা বৈশাখের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে ঢাকা মহানগর পুলিশ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ওই দিন বাংলামোটর, মগবাজার, কাকরাইল মোড়, জিরো পয়েন্ট, সলিমুল্লাহ হল, সরকারি কর্মচারি হাসপাতাল, নীলক্ষেত ও কাটাবন মোড় দিয়ে কোনো যানবাহন বিশ্ববিদ্যালয় এলাকায় ঢুকতে পারবে না।
ডিএমপি কমিশনার জানান, এবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পসে মঙ্গল শোভাযাত্রার নিরাপত্তা নিশ্চিতে তীক্ষ্ণ নজরদারিতে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নারীদের উত্ত্যক্তের ঘটনা এড়াতেও নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
নির্বিঘ্নে বর্ষবরণ উৎসব উদযাপনে জননিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, রমনা, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কেউ তল্লাশি ছাড়া ঢুকতে পারবে না।
পহেলা বৈশাখের দিন পবিত্র শবে মেরাজ থাকায় ওই দিন উন্মুক্ত স্থানের সকল অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করার আহ্বান জানান ডিএমপি কমিশনার।