সাম্প্রদায়িকতার হাত থেকে বাংলাদেশকে রক্ষার জন্য পহেলা বৈশাখের অসাম্প্রদায়িক চেতনাকে ধারণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার সকালে রাজধানীর বাহাদুর শাহ পার্কে পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এ উৎসব দেশের মানুষকে অসাম্প্রদায়িক হতে শেখায়, তাই মৌলবাদী শক্তি যাতে আর কখনো মাথা চাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য তরুণদের পহেলা বৈশাখের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে।
পরে অনুষ্ঠান শেষে বাহাদুর শাহ পার্ক থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয় পর্যন্ত এক বর্ণাঢ্য র্যা লি বের করা হয়।
এদিকে, বাংলা নববর্ষ উপলক্ষে জগন্নাথ বিশ্ব বিদ্যালয়ে আরেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বাঙালির এ প্রাণের উৎসবে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই প্রমাণ করে এ দেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই।
দেশে এখন সাম্প্রদায়িক শক্তির মাথা তুলে দাড়ানোর কোনো শক্তি নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
পরে জগন্নাথ বিশ্ব বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য এক র্যা লীতে অংশ নেন তিনি।