আগামী নির্বাচনকে সামনে রেখে আসন ভাগাভাগির ব্যাপারে শরীকদের সঙ্গে অচিরেই আলোচনা হবে— বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বিআরটিএ'র মোবাইল কোর্টের কার্যক্রম পরির্দশন শেষে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, যেখানে যে দলের বিজয়ের সম্ভাবনা বেশি সেখানে সে দলের প্রার্থীকেই মনোনয়ন দেয়া হবে। মানুষ এখন নির্বাচনমুখী হওয়ায় বিএনপির আন্দোলন হাওয়ায় উড়ে গেছে।
তিনি বলেন, একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে অচিরেই শরীকদের সঙ্গে বসবে আওয়ামী লীগ। জানান, জোট বাড়ানোর ব্যাপারে কথা বলার সময় এখনো আসেনি।
কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে বিএনপির আন্দোলনের স্বপ্ন পূরণ হয়নি— জানিয়ে ওবায়দুল বলেন, মানুষ এখন নির্বাচনী মেজাজে।
কোটা সংস্কার আন্দোলনের শীর্ষ নেতারা ছাত্রলীগে অনুপ্রবেশকারী কি-না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ ছাড় পাবে না।