বিএনপিকে নির্বাচনে আনতে খালেদা জিয়ার মুক্তি কোনো শর্ত হতে পারে না— বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শনিবার রাজধানীর সেগুন বাগিচার কার্যালয় ঢাকা রিপোর্টার্স ইউনিটির ‘মিট দ্য রিপোটার্স’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, বিএনপি নির্বাচনকালীন সহায়ক সরকারের যে দাবি তুলেছে- আসলে তা ভোট বানচালের চেষ্টা।
কোনো দণ্ডিত অপরাধীর মুক্তির শর্তে বিএনপি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিলে সরকার এতে সায় দেবে না বলেও জানান তথ্যমন্ত্রী।
এ শর্তকে অরাজনৈতিক— উল্লেখ করে ইনু বলেন, এটি মানলে বাংলাদেশের অপরাধতন্ত্রকে মেনে নেয়া হবে।
তিনি বলেন, দশম সংসদ নির্বাচনের মতো একাদশ সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ এখনো অনিশ্চিত। বাংলাদেশকে আবার পাকিস্তানের পথে ফিরিয়ে যাওয়াই বিএনপির এজেন্ডা।
তা মোকাবেলায় সাংবিধানিক প্রক্রিয়া ও সরকারের ধারাবাহিকতা রাখার ওপর জোর দেন তিনি।
যে কোনো মূল্যের রাজাকার, আগুন সন্ত্রাসী, জঙ্গিবাদীদের ক্ষমতার বাইরে রাখাই রাজনৈতিক চ্যালেঞ্জ বলেও জানান মন্ত্রী।
এছাড়াও প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সাইবার অপরাধীদের আটকাতে এবং গণমাধ্যমের সাংবিধানিক স্বাধীনতা রক্ষা করেই এই আইন হচ্ছে। আর সংবাদপত্রের জন্য ওয়েজবোর্ডের আলোকে মহার্ঘ ভাতার বিষয়ে চলতি মাসের যেকোনো দিন প্রজ্ঞাপন হবে।
সংবাদপত্রের জন্য মহার্ঘ ভাতার প্রজ্ঞাপন এ মাসেই জারি করা হবে বলেও জানান তিনি।