বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তথ্য মন্ত্রণালয়।
রোববার দুপুরে সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
এ প্রতিবদনকে মনগড়া, উদ্দেশ্যপ্রণোদিত এবং কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে উল্লেখ করেন তিনি।
দেশে সুষ্ঠু আইন শৃঙ্খলা ও গণতান্ত্রিক অধিকারের পাশাপাশি বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে বলে এ সময় দাবি করেন ইনু।
বাংলাদেশের মানবাধিকার, আইনশৃঙ্খলা ও গণতান্ত্রিক অধিকার নিয়ে গত ২০ এপ্রিল একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম খুন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা ও রাজনৈতিক দমন পীড়ন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
রোববার নিজ মন্ত্রণালয়ে জরুরি এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের এ প্রতিবেদনকে পক্ষপাতমূলক বলে দাবি করেন তথ্যমন্ত্রী।
দেশে বিরোধী দলগুলো রাজনৈতিক কর্মকাণ্ডের যথেষ্ট সুযোগ পাচ্ছে, বিচারবিভাগ ও গণমাধ্যম স্বাধীন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারেও সরকার কঠোর বলে দাবি করেন তিনি।
ঘুষ ও দুর্নীতি বেড়ে যাওয়ার যে তথ্য প্রতিবেদনে উঠে এসেছে তারও প্রতিবাদ জানিয়েছেন তথ্যমন্ত্রী।