গণমাধ্যমের উপর ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগের ক্ষেত্রে— প্রেস কাউন্সিলকে যুক্ত করার প্রস্তাব দিয়েছে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে। সোমবার দুপুরে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে দেখা করে তারা এ প্রস্তাব দেন।
এর পাশাপাশি আইনের বিভিন্ন ধারা সম্পর্কে উদ্বেগ জানিয়ে তা সংশোধনের দাবিও জানিয়েছেন তারা। বিএফইউজের এ দাবিকে যৌক্তিক বলে জানিয়েছেন আইনমন্ত্রী। আগামী মাসে সংসদীয় কমিটির বৈঠকে বিষয়গুলো উত্থাপন করা হবে বলে জানান তিনি।
ডিজিটাল নিরাপত্তা আইনে নিজেদের পর্যবেক্ষণ ও প্রস্তাব নিয়ে, সোমবার দুপুরে সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের নেতারা। সেখানে আইনের বিভিন্ন ধারা সমন্ধে উদ্বেগ জানিয়ে ১০ দফা পর্যবেক্ষণ তুলে ধরেন তারা।
পরে বিএফইউজে'র সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, গণমাধ্যমের উপর ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগের ক্ষেত্রে, পুলিশের ঊর্ধতন কর্মকর্তাদের মতামত নেওয়ার যে বিধান ছিল, প্রস্তাবে পুলিশের পরিবর্তে প্রেস কাউন্সিল থেকে সে মতামত নেয়ার দাবি জানিয়েছেন তারা।
আইনমন্ত্রী বলেন, সম্পাদক পরিষদের প্রস্তাবের সঙ্গে বিএফইউজের প্রস্তাবের যথেষ্ট মিল ও যৌক্তিকতা আছে। সব কিছু বিষদভাবে পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে।
চুড়ান্ত পর্যায়ে সবার কাছে গ্রহণযোগ্য একটি সিদ্ধান্তই আসবে বলে তিনি আশ্বস্ত করেন।