রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল।
সিডনিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তিনি এ অবস্থান ব্যক্ত করেন। এ বিষয়ে বাংলাদেশের প্রতি তার দেশের সমর্থনের কথাও জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।
এদিকে, স্বাধীনতাবিরোধী শক্তি যাতে কোনোভাবেই রাষ্ট্রক্ষমতায় আসতে না পারে এজন্য প্রবাসীসহ সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সিডনিতে প্রবাসীদের দেয়া সংবর্ধনায় এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।
স্থানীয় সময় গতকাল বিকালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে ম্যালকম টার্নবুলের সঙ্গে বৈঠক করেন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন বিষয় নিয়ে দুই নেতার মধ্যে প্রায় দেড়ঘণ্টাব্যাপী আলোচনা হয়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব সাংবাদিকদেরকে বিস্তারিত জানান।
মিয়ামনার যেন তার নাগরিকদের ফেরত নেয় সেজন্য চাপ অব্যাহত থাকবে বলে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টার্নবুল বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জানান।
রোহিঙ্গাদের জন্য আরো সহায়তার আশ্বাসও দিয়েছেন টার্নবুল। আর রোহিঙ্গাদের জন্য বাসস্থান নির্মাণের বিষয়েও অস্ট্রেলিয় প্রধানমন্ত্রীকে অবগত করে বাংলাদেশের প্রধানমন্ত্রী এ সব কথা জানান প্রধানমন্ত্রীর প্রেসসচিব।
প্রধানমন্ত্রী তাকে বাংলাদেশ সফরের আহ্বান জানালে, সুবিধাজনক সময়ে সফরে আগ্রহ প্রকাশ করেন অস্ট্রেলিয় প্রধানমন্ত্রী।
এরআগে, স্থানীয় সময় দুপুরে সিডনির সেভিটাল হোটেলে প্রবাসীদের দেয়া নাগরিক সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎসহ বিভিন্ন ক্ষেত্রে তার সরকারের উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন প্রধানমন্ত্রী।
এসময় বিএনপির আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যার সমালোচনা করেন শেখ হাসিনা।
ক্ষুধা, দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে তার সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা তুলে ধরেন।