কোন দল নির্বাচন করবে কি করবে না এটি সে দলেরই সিদ্ধান্ত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি নির্ভর করবে সে দলের সিদ্ধান্তের উপর বলেও জানান তিনি।
বুধবার বিকেলে গণভবনে সম্প্রতি সৌদি আরব, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া সফরের বিস্তারিত বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, নির্বাচনে কোনো দল না আসলে সেটা তাদেরই সিদ্ধান্ত। জনগণই ঠিক করবে কে জিতবে আগামী নির্বাচনে।
বিএনপি নেত্রীকে সরকার জেলে পাঠায়নি— উল্লেখ করে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনকে রাজনৈতিকভাবে হেনস্থা করতে গ্রেপ্তার করা হয়নি। আদালতের রায়েই তিনি কারাগারে।
আর তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে জানান প্রধানমন্ত্রী।
প্রশ্নোত্তর পর্বে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ছাড়াও রোহিঙ্গা সমস্যা, কোটা সংস্কার আন্দোলনসহ বিভিন্ন বিষয়ে নানা প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের মানবিক কারণে বাংলাদেশ আশ্রয় দিয়েছে বলেই তাদের প্রতি বিশ্ববাসী সহানুভূতিশীল আর এটি সরকারের কূটনৈতিক সাফল্য।
আর কোটা তুলে দেয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা চায় না বলেই তুলে দেয়া হয়েছে। এখন এ নিয়ে প্রশ্ন কেন উঠছে?