আসন্ন রমজান মাসে সিএনজি ফিলিং স্টেশনগুলো প্রতিদিন ৬ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, বিতরণকারী সংস্থা, পেট্রোবাংলা, এফবিসিসিআই ও দোকান মালিক সমিতির প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়।
চলতি গ্রীষ্ম মৌসুম ও আসন্ন রমজান মাসে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, রমজান মাসে বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ বাড়াতে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ রাখা হবে।
পাশাপাশি রমজান মাসে দোকান ও শপিং মল খোলা রাখার ক্ষেত্রে বিদ্যমান বিধান অনুসরণ, পিক আওয়ারে রি-রোলিং মিল, ওয়েল্ডিং মেশিন, ওভেন, ইস্ত্রির দোকানসহ বেশি বিদ্যুৎ ব্যবহারকারী সরঞ্জাম বন্ধ রাখা হবে।
এছাড়াও পেট্রোল পাম্প, সিএনজি স্টেশন ও সুপার মার্কেটে প্রয়োজনের অতিরিক্ত বাতির ব্যবহার বন্ধ রাখা, সেহরি ও ইফতারের সময় শপিং মল, ডিপার্টমেন্টাল স্টোর ও বাণিজ্যিক প্রতিষ্ঠান এসির ব্যবহার সীমিত রাখা এবং ইফতার, তারাবি ও সেহরির সময় লোডশেডিং না করারও সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বিদ্যুৎ সচিব আহমদ কায়কাউস, পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মানসুর মো. ফয়জুল্লাহ, ডেসকো, ডিপিডিসির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।