পাহাড়ে শান্তি বিনষ্টকারী কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, অচিরেই সেখানে শান্তি ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
শনিবার বাংলা এডাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তন ‘গৌরব ৭১’ শীর্ষক আলোচনা,গ্রন্থের মোড়ক উন্মোচন এবং মুক্তিযোদ্ধা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাহাড়ে এখন অশান্তি বিরাজ করছে— এর আগেও দীর্ঘদিন পাহাড়ে অশান্তি ছিল। ১৯৯৭ সালে শেখ হাসিনার নেতৃত্বে শান্তিচুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী পাহাড়িদের জন্য অনেকগুলো উন্নয়নমূলক কাজ হাতে নেয়া হয়— সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার জঙ্গি ও সন্ত্রাসবাদে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করে। পাহাড়ে যারা সন্ত্রাসী কার্মকাণ্ড করছে তাদের শিগগিরই খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
আমাদের দেশের জনগণ খুব ভালো— তারা জঙ্গি সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না। পাহাড়ে হতাহতের ঘটনায় যারা জড়িত তাদেরও প্রশ্রয় দেয়া হবে না বলে জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।