রমজান মাসে বাজারে ভোজ্য তেল, চিনি, ছোলা, আদা, পেঁয়াজ, রসুন, আটাসহ সব নিত্যপণ্যের দাম অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
হুঁশিয়ারি দেন তিনি এরপরেও খুচরা বাজারে কেউ পণ্যের বাড়তি দাম আদায়ের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
ব্যবসায়ীরাও জানান, পর্যাপ্ত মজুদ থাকায় বাজারে পণ্য সরবরাহ ও দাম-দুইই স্বাভাবিক থাকবে।
মঙ্গলবার আসন্ন রোজার মাসকে সামনে রেখে দুপুরে নগর ভবনে মেয়রের সঙ্গে ব্যবসায়ী ও শিল্প প্রতিষ্ঠান মালিকদের এক বৈঠকে এসব কথা উঠে আসে।
রোজার মাসে বাজারে যাতে ভোজ্য তেল, চিনি, ছোলা, আদা-রসুনসহ সব পণ্যের সরবরাহ ও দাম যেন স্বাভাবিক থাকে বৈঠকে তা গুরুত্ব পায়। এছাড়া খুচরা বাজারে অসাধু ব্যবসায়ীদের কারসাজি, ভেজাল রোধ ও দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের নিয়মিত অভিযানের বিষয়টিও উঠে আসে আলোচনায়।
বৈঠক শেষে ব্যবসায়ী নেতা সিটি গ্রুপের চেয়ারম্যান মজলুর রহমান জানান, তাদের কাছে পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে বাজারে সরবরাহও স্বাভাবিক থাকবে।
তারা রোজার মাসে পণ্য উৎপাদনে কারখানায় গ্যাস সরবরাহ ঠিক রাখার আহ্বান জানান।
ব্যবসায়ীদের আশ্বাসের পর ঢাকা দক্ষিণ সিটি করপোরশেনের মেয়র জানান, রমজানে কোনো অবস্থাতেই পণ্যের দাম বাড়বে না।
এর পরেও খুচরা বাজারে কেউ পণ্যের দাম বাড়ালে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন দক্ষিণের মেয়র।