কারা অধিদপ্তরের গঠন করা চিকিৎসক কমিটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে যে প্রতিবেদন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে জমা দিয়েছে— এটি পর্যালোচনা করে কারাবিধি অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার রাজধানীতে ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর প্রতিনিধি সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
এ সময় তিনি আরো জানান, কোটা আন্দোলনের সময় ভিসির বাসায় হামলার ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত কাজ চলছে। ভিডিও ফুটেজ দেখে আসামীদের ধরা হচ্ছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছে।
কোটা আন্দোলনের সময় ভিসির বাসায় হামলার ঘটনায় মামলার অগ্রগতি নিয়ে কথা বলেন আসাদুজ্জামান খান কামাল।
এদিকে সরকারি চাকরিতে কোটা বাতিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা প্রজ্ঞাপনে জারির দাবিতে রোববার সারাদেশে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনকারী ছাত্ররা এ ঘোষণা দিয়েছেন।