সাবমেরিনের মাধ্যমে গভীর সমুদ্রে পৌঁছানোর পর স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশেও পৌঁছে গেছে বাংলাদেশ— বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আর জনগণ আওয়ামী লীগকে ভোট দেয়ার কারণেই দেশের এতো উন্নয়ন সম্ভব হয়েছে –এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা রক্ষায় সেনাবাহিনীকে আধুনিকায়ন করা হচ্ছে যে কোন প্রয়োজনে সরকারকে সহযোগিতা করার মাধ্যমে দেশের মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত থাকতে বলেন এ বাহিনীকে।
রোববার সকালে ঢাকা সেনানিবাসে ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
সকালে ঢাকা সেনানিবাসে ক্যান্সার সেন্টার উদ্বোধন, ভোজ্যতেল কারখানাসহ বিভিন্ন সেনানিবাসের ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশ ও দেশের মানুষের উন্নয়ন করাই আওয়ামী লীগের লক্ষ্য।
দারিদ্র্য দূর করে দেশের প্রতিটি গ্রামকে উন্নত করতে কাজ করে যাচ্ছে সরকার— সকল মানুষের দোঁরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে বিভিন্ন উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী।
শুধু দেশে নয় আর্ন্তজাতিকভাবে সেনাবাহিনী সুনাম অর্জন করেছে আর এই মর্যাদা ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের স্বাধীনতা রক্ষায় সেনাবাহিনীকে আধুনিকায়ন করা হচ্ছে।
প্রধানমন্ত্রী তার বক্তৃতায় আরো বলেন, ‘সেনা সদস্যদের জন্য কল্যাণমুখী পদক্ষেপ নিয়েছি। রসদ বাড়ানোর পাশাপাশি ভাতা বাড়িয়েছি। তাদের জন্য আবাসন প্রকল্প বাস্তবায়ন করেছি। প্রথমবারের মতো আমরা সেনাবাহিনী প্যারা কমান্ডো ইউনিট চালু করেছি। ‘৯৬ সালে মেয়েদের সেনা ও বিমানবাহিনীতে নিয়োগের ব্যবস্থা করি। নারী পাইলট সংযোজন করে নতুন যুগের সূচনা করি। সেনাবাহিনীর প্রশিক্ষণের জন্য কেন্দ্র করে দিয়েছি।’
তিনি বলেন, সেনা সদস্যদের জন্য দুপুরে রুটির পরিবর্তে ভাতের ব্যবস্থা করে দিয়েছি। ‘৯৬ সালে সরকার গঠনের পর সেনাবাহিনীর কাছে তাদের দাবি-দাওয়া সম্পর্কে জানতে চেয়েছিলাম। তারা বলেছিলেন, আমাদের দুপুরে রুটি দেওয়া হয়, আমরা ভাত খেতে চাই। ওই সময় দেশে খাদ্য ঘাটতি ছিল। আমি কথা দিয়েছিলাম তাদের জন্য ভাতের ব্যবস্থা না করা পর্যন্ত আমি ভাত খাবো না। আমি ভাত খাইনি। তাদের জন্য ভাতের ব্যবস্থা করার পর আমি তাদের সঙ্গে বসে দুপুরে ভাত খেয়েছি।
মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বেড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত না হলে দেশের এতো উন্নয়ন করা সম্ভব হতো না।
ভাসান চরে রোহিঙ্গাদের জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে এখন কার্যকর কোন পদক্ষেপ নিচ্ছে না মিয়ানমার।
তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে আর্ন্তজাতিক চাপ অব্যাহত রয়েছে।