ঈদের আগেই যাত্রীবাহী সব লঞ্চের ফিটনেস পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।
রোববার ঈদে নৌপথে যাত্রীদের বাড়তি চাপ সামলানোর উপায় নিয়ে সংশ্লিষ্টদের নিয়ে এ সভার আয়োজন করে বিআইডব্লিওটিএ।
ঈদুল ফিতরকে সামনে রেখে নৌপথে নিরাপদে যাত্রী চলাচলের লক্ষ্যে আয়োজিত সভায় তিনি এ নির্দেশ দেন।
প্রতিকূল আবহাওয়া বিবেচনায় প্রতিটি লঞ্চে পর্যাপ্ত সংখ্যক লাইফ জ্যাকেট রাখার নির্দেশও দেন তিনি।
এর পাশাপাশি অতিরিক্ত যাত্রী পরিবহন ও ঈদ উপলক্ষে ভাড়া না বাড়াতেও হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী।
যাত্রীর চাপ কমাতে তৈরি পোশাক শিল্পে আলাদা আলাদা দিনে ছুটি ঘোষণা করতে শিল্প মালিকদের প্রতি আহ্বানও জানিয়েছেন।
যাত্রীদের নিরাপত্তায়, লঞ্চের ফিটনেস ঠিক রাখা, ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী না নেয়া, রাতের বেলায় স্পিড বোট বন্ধ রাখা এবং ঈদ মৌসুমে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ রাখার সুপারিশ করা হয় সভা থেকে।
অনুষ্ঠানে জানানো হয়, ঈদে যাত্রীর যে চাপ তৈরি হয় তার তুলনায় লঞ্চের সংখ্যা কম। তাই দেশের সব শিল্পকারখানা এক সঙ্গে ছুটি না দিতে, বিজিএমইএ, বিকেএমইএ এবং এফবিসিসিআইকে অনুরোধ করেছেন মন্ত্রী।
পাশাপাশি ফেরি পারাপারে দীর্ঘ যানজট কমাতে, দুই পাশের সড়কে বেহাল দশা দূর করতে, সড়ক ও জনপথ বিভাগকে এখনই উদ্যোগ নেয়ার আহ্বান নৌমন্ত্রী।