সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের দফায় দফায় আল্টিমেটামে ক্ষুদ্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে আন্দোলন কর্মসূচির কারণে রাজধানীতে যান চলাচল ব্যহত হওয়ায় বিরক্তি তিনি প্রকাশ করেন।
সভায় শেখ হাসিনা বলেন, চাকরি প্রার্থীদের দাবি মেনে নেয়া হয়েছে- সে অনুযায়ী কাজও শুরু হয়েছে। এটা একটি দীর্ঘ প্রক্রিয়া- সব সিদ্ধান্ত বাস্তবায়নে কিছু সময় লাগে।
কোটা পদ্ধতি নিয়ে ঘোষণা দেয়ার পরেও বার বার আন্দোলনের হুমকিতে অসন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
আর প্রধানমন্ত্রীর ঘোষণার ওপর আস্থা রেখে আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহবান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
এদিকে, কোটা পদ্ধতি সংস্কার করে প্রজ্ঞাপন জারির দাবিতে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করে চাকরি প্রার্থীরা। সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে এ কর্মসূচিতে রাজধানীর শাহবাগসহ অধিকাংশ সড়ক প্রায় অচল হয়ে পড়ে।