রাজধানীর জলাবদ্ধতা কমাতে অবৈধ দখলে থাকা ১৬ খাল পুনঃখননে নামছে সরকার। ওয়াসার নেতৃত্বে কাজ করবে ঢাকা সিটি করপোরেশন। আর একাজে বরাদ্দ থাকছে ৪০ কোটি টাকা।
সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
আগের চেয়ে বর্তমানে জলবদ্ধতা অনেকাংশে কমেছে বলে দাবি তার বলেন, এখন তিনঘন্টার মধ্যেই পানি নেমে যাচ্ছে।
অল্প বৃষ্টিতেই রাজধানীতে দেখা দেয় ভয়াবহ জলাবদ্ধতা। রাজারবাগ, শান্তিনগর, মৌচাক, মালিবাগ, মিরপুরে বিশাল এলাকা চলে যায় জলের নিচে। এ সমস্যা সমাধানে ২০০৯ সালে রাজধানীর দখল এবং বন্ধ হয়ে যাওয়া খাল উদ্ধারে নেমেছিল ঢাকা ওয়াসা।
ঘটা করে সে উচ্ছেদ অভিযান প্রভাবশালীদের প্রভাবে বেশিদিন চলতে পারেনি। তারপরেও জলাবদ্ধতা কমাতে নেয়া হয় নানা উদ্যোগ।
সরকারের দাবি সেসব উদ্যোগের কারণেই রাজধানীতে এখন আর জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হয়না। স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, সেসব খাল আবার উদ্ধারে নামছে সরকার।
আর একাজ বাস্তবায়নে অন্য প্রতিষ্ঠানকে বাদ দিয়ে দায়িত্ব দেয়া হচ্ছে শুধু ওয়াসাকে। ওয়াসার নেতৃত্বে কাজ করবে সিটি করপোরেশন বা পৌরসভা।
যে জলাবদ্ধতার জন্য এখনো রাজধানীবাসী দুর্ভোগ পোহাচ্ছে, অচিরেই তার সমাপ্তি ঘটবে মন্ত্রী আশ্বাস দেন।