শান্তি নিকেতনে বাংলাদেশ ভবন উদ্বোধনের পর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিদর্শনের সময় সেখানে বাংলাদেশ গ্যালারি হবে বলে প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।
ঠাকুরবাড়িতে প্রধানমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পুরো ভবনটি ঘুরে দেখেন। প্রথমেই প্রধানমন্ত্রী যান কবিগুরুর রন্ধনশালায়। এরপর তিনি পরিদর্শন করেন যে ঘরে কবিগুরু জন্মগ্রহণ করেন সেটি। এরপর চীন, জাপান গ্যালারি ও রবীন্দ্র মিউজিয়াম ঘুরে দেখেন তিনি।
সবশেষে প্রধানমন্ত্রী যান কবিগুরুর প্রয়াণ কক্ষে। এ সময় তার সঙ্গে ছিলেন শেখ রেহানা এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
ঠাকুরবাড়ি পরিদর্শনের সময় পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরাদ হাকিম ও ব্রাত্য বসু ছাড়াও প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায় চৌধুরী।