পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বুধবার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে।
তবে ঈদ উপলক্ষে এসি বাসের টিকিট আগেই বিক্রি শুরু হয়েছে।
রোববার বাংলাদেশ বাস ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও সোহাগ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক ফারুক তালুকদার সোহেল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এবারের ঈদ যাত্রায় নন এসি বাসের টিকিটে ১০০ টাকা করে দাম বাড়িয়ে দিয়েছেন বাস মালিকরা— তবে এসি বাসের টিকিটের দাম থাকছে আগের মতোই।
দেশব্যাপী রাস্তা সংস্কার চলায় সিডিউলের ক্ষেত্রে কিছুটা বিপর্যয় দেখা দিতে পারে এমন আশঙ্কা বাস মালিকদের।
এদিকে, ঈদুল ফিতর উপলক্ষে দূরপাল্লার এসি বাসের টিকিট বিক্রি শুরু হয়েছে আরও দু’দিন আগে।
গ্রীন লাইন পরিবহনের ম্যানেজার আবদুল কাদির বলেন, আমাদের টিকিট বিক্রি চলছে। রিটার্ন টিকিট নিতে হলে যাত্রীদের সংশ্লিষ্ট এলাকা থেকে টিকিট নিতে হবে।
তিনি বলেন, ২৫ মে থেকে আমরা অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছি। যতক্ষণ টিকিট থাকবে ততক্ষণ বিক্রি করা হবে।
ঈদে টিকিটের দাম বেড়েছে কিনা জানতে চাইলে কাদির বলেন, এসির দাম আগের মতোই থাকছে।
শ্যামলী পরিবহনের গাবতলী কাউন্টারের ম্যানেজার রাজিব বলেন, টিকিট প্রতি ১০০ টাকা বাড়বে। ৩০ মে থেকে এ বর্ধিত দামেই টিকিট কিনতে হবে যাত্রীদের।
তিনি বলেন, শুধু নন এসির ক্ষেত্রেই দাম বাড়ছে। তবে রির্টান টিকিট সংশ্লিষ্ট কাউন্টার থেকেই সংগ্রহ করতে হবে।
জেআর পরিবহনের কল্যাণপুর কাউন্টার ম্যানেজার রাজ্জাক বলেন, ঈদে টিকিটে দামের বিষয়ে এখনও চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে নন এসির ক্ষেত্রে কিছুটা দাম বাড়তে পারে।