ঈদ উপলক্ষে রাজধানীতে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বুধবার সকাল থেকেই বিভিন্ন পরিবহন কোম্পানি ১২, ১৩ ও ১৪ জুনের অগ্রিম টিকেট বিক্রি শুরু করেছে। তবে কয়েক ঘন্টার মধ্যেই কাউন্টারগুলোতে ১৪ তারিখের টিকেট শেষ হয়ে যায়।
এবারও টিকিটের দাম বেশি রাখা হচ্ছে বলে অভিওযগ যাত্রীদের। তবে বাস মালিক কর্তৃপক্ষ বলছে, সরকার নির্ধারিত হারে তারা টিকিট বিক্রি করছেন।
রাজধানীর শ্যামলী, কল্যাণপুর ও গাবতলী এলাকায় দূরপাল্লার বাসের ঈদের অগ্রিম টিকিট ছাড়া হয়। টিকিটের আশায় ভোর থেকেই যাত্রীরা ভিড় জমান বাস কাউন্টারগুলোতে।
১২ জুন থেকে টিকিট বিক্রি শুরু হলেও ১৩ আর ১৪ জুনের টিকিটের চাহিদা ছিল বেশি। তবে ১২ জুনের টিকিট পেয়েও সন্তষ্ট অনেকেই। পরিবারের সঙ্গে ঈদ করতে যেতে পারবেন এতেই তারা খুশি।
যাত্রীদের অভিযোগ, অন্যান্য সময়ের তুলনায় সব রুটের বাসে প্রতি টিকিটে ৫০ থেকে ১০০ টাকা বেশি দাম নেয়া হচ্ছে।
তবে টিকিটের অতিরিক্ত দিম রাখা হচ্ছে না বলে দাবি পরিবহন মালিকপক্ষের।
এদিকে, গাবতলী বাস টামির্নালেও দু'একটি বাস কোম্পানি অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। তবে এখনো টিকিটের জন্য সেখানে ভিড় জমেনি।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও পথের ভোগান্তি দূর করতে সড়ক মেরামতসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ যাত্রী-চালক সবার।