কক্সবাজারের টেকনাফের ওয়ার্ড কাউন্সিলর একরামুল হক একরাম গুলিতে নিহত হওয়ার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার রাজধানীর শেরে বাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাস সার্ভিস উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সাংবাদিকদের তিনি বলেন, মাদক বিরোধী অভিযানে নিরীহ কেউ হয়রানির শিকার হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে—এটি খতিয়ে দেখা হচ্ছে।
একরামুল হকের নিহত হওয়ার ঘটনা নিয়ে রেকর্ড করা অডিও প্রকাশ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করা হচ্ছে আমার বিশ্বাস তদন্তে সব কিছু বেরিয়ে আসবে। মাদকের সঙ্গে জড়িত নয় এমন নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত হলেই ব্যবস্থা নেবে সরকার।
তিনি বলেন, চলমান মাদকবিরোধী অভিযানে জনগণ খুশী হলেও একটি দল এর সমালোচনা করছে— অভিযোগ করে তিনি বলেন, সরকার যেখানে মাদকের বিরুদ্ধে সোচ্চার সেখানে সে দলটি এ নিয়ে কোনো কথা বলছেন না।
কক্সবাজারের টেকনাফ উপজেলার যুবলীগের ১৩ বছরের সভাপতি একরামুল হকের ঘটনায় দলীয় অন্তর্দ্বন্দ্বের কোনো কারণ নেই বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
কাদের বলেন, নগরীতে নারীদের জন্য চালু হলো ৩৬ আসন বিশিষ্ট 'দোলন চাঁপা' বাস সার্ভিস। প্রতীকীভাবে দুইটা বাস চালু করা হলো আাগামী দুই মাসের মধ্যে আরো ৮টি বাস চালু করা হবে।
বাসটিতে প্রাথমিক চিকিৎসা, সিসিটিভিসহ নিরাপদ ও আরামদায়ক ব্যবস্থা আছে। বাসগুলো মিরপুর সার্কেল থেকে আজিমপুর, মিরপুর ১২ থেকে মতিঝিল রুটে চলাচল করবে।
ভারতীয় ভলভো আাইশার ভেহিকল লিমিটেডের বাসটিতে মিরপুর ১২ থেকে মতিঝিল পর্যন্ত ৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।