রোহিঙ্গা ইস্যুতে আর্ন্তজাতিক সম্প্রদায় বাংলাদেশের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
রোহিঙ্গা সংকট নিয়ে শুক্রবার ফ্রান্সের প্যারিসে ন্যাশনাল অ্যাসেম্বলিতে ফ্রান্স-বাংলাদেশ মৈত্রী গ্রুপ আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। বাংলাদেশের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির প্রতি সম্মান রেখে মিয়ানমার রোহিঙ্গাদের নিরাপদ ও শান্তিপূর্ণ প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করবে বলে আশাবাদী বাংলাদেশ।
তিনি আরো বলেন, এটি বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সজাগ দৃষ্টি ও সমর্থন প্রয়োজন।
রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবতার এক অনন্য নজীর স্থাপন করেছে উল্লেখ করে স্পিকার বলেন, সীমান্ত খুলে দিয়ে মানবতার এ নব দিগন্ত উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।