স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ এলিট শ্রেণিতে উন্নত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে জাতীয় সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি জানান, স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে আওয়ামী লীগ নির্বাচনী অঙ্গীকার পূরণ করেছে।
বাংলাদেশ যুগের সঙ্গে তাল মিলিয়ে চলবে--এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, যখনই যেটা আধুনিক হবে সেটাই গ্রহণ করবে বাংলাদেশ।
এরই মধ্যে স্যাটেলাইট বঙ্গবন্ধু-২ তৈরির প্রস্তুতি শুরু হয়ে গেছে বলেও জানান শেখ হাসিনা।
এ সময় স্যাটেলাইট নিয়ে বিএনপির বক্তব্যের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু-১ এর মালিক বাংলাদেশ সরকার, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নয়।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমুদ্র ও স্থলসীমা বিজয়ের পর মহাকাশে স্যাটেলাইট পাঠানো ছিল বাংলাদেশের জন্য একটি দীর্ঘ যাত্রা বলে জানান তিনি।
দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশনের শুরুতেই প্রধানমন্ত্রী প্রশ্নোত্তর পর্বে বলেন, সাগরের তলদেশ থেকে মহাকাশ পর্যন্ত বাংলাদেশের মর্যাদা উন্নীত হয়েছে। স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ আওয়ামী লীগ সরকারের গতিশীল উন্নয়নের ধারাবাহিকতার অংশ। আর এর মাধ্যমে এই সরকার নির্বাচনী অঙ্গীকার পূরণ করেছে।
স্যাটেলাইটের মালিকানা নিয়ে বিএনপির অভিযোগ বিষয়ে ফজিলাতুন নেসা বাপ্পীর সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, তাদের এ বক্তব্য লজ্জাজনক।
শেখ হাসিনা বলেন, যেভাবে অন্যান্য প্রতিষ্ঠানের মালিকানা পায় সেভাবেই বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মালিক বাংলাদেশ সরকার।
এরই মধ্যে স্যাটেলাইটি কক্ষপথে পৌঁছে সিগন্যাল দিতে শুরু করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, একবার এটি কাজ শুরু করলে আর সমস্যা হবে না।