সড়ক-মহাসড়কে দুর্ঘটনা কমাতে উল্টোপথে গাড়ি চলা, চালকের মোবাইলে কথা বলা এবং ফিটনেসবিহীন গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার সকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আসন্ন ঈদুল ফিতরে সড়ক পথে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সায়েদাবাদ, মহাখালী ও গাবতলীতে বাস টার্মিনালের প্রতিটিতে একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
সার্বিক তত্ত্বাবধান করতে একটি সেন্ট্রাল মনিটরিং টিম গঠন করা হয়েছে— উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অতিরিক্ত ভাড়া ও বাসের ছাদে যাত্রী পরিবহন এবং ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন ঠেকাতে বাস টার্মিনালে এ টিম কাজ করবে।
তিনি আরো বলেন, ঈদের আগে ও পরে ৩ দিন কোনো রকম ভারি যানবাহন মহাসড়কে চলাচল করতে পারবে না তবে জরুরি ওষুধপত্র পরিবহন চলবে।