কানাডার মিয়ানমার বিষয়ক বিশেষ দূতকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রোহিঙ্গা আশ্রয় শিবিরে কর্মরত বিদেশি ত্রাণ কর্মীদের ভিসা সমস্যা সমাধান করা হবে। সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে তার হোটেল স্যুটে বিশেষ দূত বব রে দেখে করতে এলে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ত্রাণ কর্মীর বেশে বহু বিদেশি নাগরিকের অনুপ্রবেশের ব্যাপারে সরকার শঙ্কিত- যা নারী ও শিশু পাচার, যৌন অপব্যবহার, সন্ত্রাস ও অন্যান্য সামাজিক সমস্যা সৃষ্টি করতে পারে।
তিনি আরো বলেন, সরকার এ সমস্যা সমাধানে ত্রাণ কর্মীদের জন্য বিশেষ ক্যাটাগরি ভিসা ইস্যু করছে। এ ব্যাপারে কোন সমস্যা দেখা দিলে তা সরকারকে জানানোর জন্য বিশেষ দূতকে অনুরোধও করা হয়েছে।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারী ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, বব রে প্রধানমন্ত্রীকে বলেন, তিনি ২০১৭ সালের নভেম্বরে বাংলাদেশে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনের উপর একটি প্রতিবেদন তৈরি করছেন।
প্রধানমন্ত্রী কানাডায় ৪ দিনের সরকারি সফর শেষ করে দেশে ফেরার পথে দুবাই আন্তর্জাতিক বিমান বন্দরে ৫ ঘণ্টার যাত্রা বিরতিতে রয়েছেন। দুবাইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।
স্থানীয় সময় বিকেল পৌনে ৫টায় শেখ হাসিনা দুবাই ত্যাগ করবেন।