দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটির জন্য জোর দাবি জানিয়েছে হিন্দু ধর্মীয় কয়েকটি সংগঠন। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘শারদীয় দুর্গা পূজায় তিন দিনের সরকারি ছুটি বাস্তবায়ন জাতীয় কমিটি’র ব্যানারে আয়োজিত কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।
হিন্দু মহাজোটের সভাপতি প্রভাস চন্দ্র রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- বাংলাদেশ হিন্দু মহাজোটের নির্বাহী মহাসচিব ও মুখপাত্র পলাশ কান্তি দে, শারদাঞ্জলী ফোরাম–ঢাকা মহানগর এর সভাপতি রতন চন্দ্র পাল, বাংলাদেশ হিন্দু পরিষদের নির্বাহী সভাপতি বাবুল দাশ।
প্রভাস চন্দ্র রায় বলেন, এ উৎসবের সরকারি ছুটি দুর্গোৎসবের শেষ দিনে। সরকারি ছুটি একদিন থাকায় অনেক পরিবারের কাছে উৎসবটি রূপ নেয় বেদনায়। অনেকে শহর ছেড়ে যেতে পারে না পরিবারের কাছে। বর্তমান সরকারের কাছে আশা করেছিলাম, শারদীয়া দুর্গা পূজায় সরকারি ছুটি একদিনের পরিবর্তে তিন দিন করা হবে। কিন্তু সরকার এখনও নিশ্চুপ।
হিন্দু পরিষদের মুখপাত্র সুমন কুমার রায় বলেন, আমরা আশা করেছিলাম, অসাম্প্রদায়িক চেতনার এই বাংলাদেশে সব ধর্মের মানুষ সমান সুযোগ সুবিধা ভোগ করবে। কিন্তু সংবিধানের সেই প্রতিশ্রুতি কেবল কাগজে কলমেই থেকে গেছে।
কিশোরগঞ্জে হিন্দু পরিবারের মা-মেয়েকে গণধর্ষণ, রাজবাড়িতে কিশোরীকে অপহরণ, কুষ্টিয়ায় শিশু দেব দত্তকে অপহরণ ও হত্যা, বিভিন্ন স্থানে মন্দির দখল, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়ন ও নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানানো হয় সমাবেশে।দাবি পূরণ না হলে ৬৪ জেলায় একযোগে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের হুঁশিয়ারি দেন নেতারা।
বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট, বাংলাদেশ অগ্নি বীর, বাংলাদেশ মাইনরিটি পার্টি, বাংলাদেশ মাইনরিটি ইউনাইটেড ফ্রন্ট, বাংলাদেশ দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ পরিষদ, বাংলাদেশ হিন্দু স্বয়ং সেবক সংঘ, জাগো হিন্দু বাংলাদেশ, হিন্দু সমাজ, হিন্দু লীগ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ–ঢাকা মহানগর উত্তর, পার্থ সারথী গীতা শিক্ষা ফাউন্ডেশন শুক্রবারের এ সমাবেশে যোগ দেয়।