যে কোনো নির্বাচন সম্পর্কে যে কেউ পর্যবেক্ষণ দিতে পারে- গাজীপুর সিটি নির্বাচন নিয়ে মার্শা বার্নিকাটের মন্তব্য তার ব্যক্তিগত মতামত- এ নিয়ে কোনো মন্তব্য নয় বলে জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মাদ নাসিম।
শুক্রবার সকালে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় ১৪ দলের আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মোহাম্মাদ নাসিম বলেন, এ নির্বাচন নিয়ে কোনো অভিযোগ থাকলে তা তদন্ত করতে পারে নির্বাচন কমিশন। তথাকথিত জাতীয় ঐক্যের নামে কিছু মুখচেনা অশুভ শক্তি এক হয়েছে।
তিনি আরো বলেন, শতভাগ সন্তুষ্টির নির্বাচন পৃথিবীর কোথাও হয় না। জানান, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে অভিযোগ থাকলে তা ইসি তদন্ত করতে পারে।
নির্বাচন নিয়ে ব্যক্তি বা সংগঠন পর্যায়ে যে কেউ মতামত দিতে পারে জানিয়ে তিনি বলেন, এ নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য নিয়ে কোনো মন্তব্য নয়।
বিএনপিকে সমর্থনের নামে জাতীয় ঐক্যের নেতারা যদি দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় তা প্রতিহত করা হবে বলে সতর্ক করে দেন মো. নাসিম।
পরে আগামী তিন সিটি করপোরেশন নির্বাচনে ১৪ দল আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।