রাজধানীর গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলা ঘটনার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে— আগামী সাতদিনের মধ্যে পুলিশ অভিযোগপত্র দেবে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, জঙ্গিরা এখন আর সক্রিয় নেই— তারা ক্রমে দুর্বল হয়ে পড়েছে। আর আমরাও সতর্ক রয়েছি। জঙ্গিরা যেন কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।
গত ২০১৬ সালের ১ জুলাই জঙ্গিদের নৃশংস হামলায় নিহত হন দেশি-বিদেশি নিরপরাধ ২২ জন মানুষ।
রোববার হলি আর্টিজান রেস্তোরাঁ পরম মমতা আর ভালোবাসায় তাদের স্মরণ করেন স্বজন, রাজনৈতিক দলগুলোর নেতা, বিদেশি কূটনীতিক, সামাজিক-সাংস্কৃতিক কর্মী, নারী-শিশুসহ হাজারো মানুষ।
এ উপলক্ষে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের।
এরপর সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, জঙ্গিরা দুর্বল হলেও তাদের নির্মূল করা সম্ভব হয়নি— জঙ্গি সমস্যা সমাধানে আইনি ও রাজনৈতিকভাবে মোকাবিলা করা হচ্ছে।
তিনি বলেন, হলি আর্টিজানে জঙ্গি হামলার দুই বছর পূর্ণ হয়েছে- ঘটনার পরপরই দ্রুত ব্যবস্থা নেয়া হয়েছিল।
কাদের আরো বলেন, বিশ্বব্যাপী জঙ্গি হামলা হচ্ছে। হলি আর্টিজানে জঙ্গি হামলার কারণে আমাদের ভাবমূর্তি একেবারে নষ্ট হয়ে গেছে। আমরা জঙ্গিবিরোধী ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছি— এগুলো চলতে থাকবে। আমাদের দেশে জঙ্গিদের কোনও স্থান নেই।