আওয়ামী লীগকে ভোট দিলেই দেশের উন্নয়ন হয়— কারণ তার সরকার দেশের মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে বলে জানিয়েছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আর আওয়ামী লীগের এ সব উন্নয়ন মনে রাখতে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার সকালে রাজধানীর মতিঝিল ও আজিমপুরে সরকারি কলোনীতে কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত আবাসিক ফ্ল্যাট উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা জানান, শুধু সরকারি কর্মচারীদের জন্যই নয় সাধারণ মানুষের জন্য সহজ কিস্তিতে ফ্ল্যাট নির্মাণ করে দিচ্ছে সরকার।
সরকারি কর্মচারীদের জন্য ৪০ শতাংশ আবাসন সুবিধা নিশ্চিতের অংশ হিসেবে শনিবার সকালে মতিঝিল ও আজিমপুরে সরকারি কলোনীতে প্রথম দফায় ৯৮৮টি ফ্ল্যাট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধিনস্থ গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে এ প্রকল্পে ২০২০ সাল নাগাদ আরো ১৭টি ২০ তলা ভবন নির্মাণ করা হবে।
সকালে প্রথমে প্রধানমন্ত্রী মতিঝিলের সরকারি কলোনীতে ২২১ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত ফ্ল্যাট উদ্বোধন করেন। পরে তিনি নির্মিত ফ্ল্যাটগুলো পরিদর্শন করেন।
সেখানে প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, তার লক্ষ্য দেশের উন্নয়ন করা— শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারী নয়, সাধারণ মানুষও যাতে কিস্তিতে ফ্ল্যাট নিতে পারেন সরকার সে ব্যবস্থাও করছে।
সরকারি কর্মচারীদের জন্য নির্মিত ফ্ল্যাটগুলো রক্ষণাবেক্ষসহ বিদ্যুৎ, পানি ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এরপর প্রধানমন্ত্রী যান আজিমপুর সরকারি কলোনীতে। সেখানে ২৭৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ফ্ল্যাটগুলো উদ্বোধন করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, তার সরকার তৃণমূল থেকে উন্নয়ন করছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়িয়ে সকলের জীবন মান উন্নয়নে কাজ করছে আওয়ামী লীগ সরকার।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের ধারাবাহিকতা থাকলেই দেশের উন্নয়ন হয়। দেশের যত উন্নয়ন হয়েছে সব আওয়ামী লীগই করেছে।