আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে— সেইসঙ্গে সরকারের ধারাবাহিকতাও বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীতে ক্ষমতায় এসে আরো একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করা হবে বলেও জানান তিনি।
বুধবার বিকালে জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়া রাজনৈতিকভাবে গ্রেপ্তার হননি— আদালতে অপরাধ প্রমাণিত হওয়ায় তার সাজা হয়েছে বলেও এ সময় মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় খালেদা জিয়া কারাগারে—এ মন্তব্য করে তিনি বলেন, সরকার চাইলে ২০১৪-১৫ সালে তাকে গ্রেপ্তার করতে পারতো।
নারীর ক্ষমতায়ন নিয়ে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা থাকায় দেশের নারীর উন্নয়ন হচ্ছে।
নারীর ক্ষমতায়নে বর্তমান সরকার সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে—উল্লেখ করে তিনি বলেন, অসহায় নারীদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি নারীদের প্রশিক্ষণের জন্য জেলাভিত্তিক কম্পিউটার কোর্স চালু করা হয়েছে। উপজেলা পর্যায় পর্যন্ত কর্মজীবী নারীর জন্য হোস্টেল নির্মাণ করা হবে।
বিএনপি ক্ষমতায় থাকাকালে নারীদের ওপর ধর্ষণ ও নির্যাতনের ঘটনা বেশি হতো বলে এ সময় মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।