শুরু হলো হজ ফ্লাইট— সকালে ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইটটি ঢাকা ছাড়ে। বিজি-১০১১ ফ্লাইটটি পরে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছায়।
এবার কোনো হজ যাত্রী কোনো ট্রাভেল এজেন্সির দ্বারা প্রতারণা ও হয়রানির শিকার হবেন না বলে নিশ্চিত করেছেন ধর্মমন্ত্রী। আর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রী আশ্বস্ত করেছেন, হজ যাত্রীদের কোনো রকম ভোগান্তি হবে না।
সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে এবার এক লাখ ২৬ হাজার ১৯৮ জন হজ আদায় করবেন। এর মধ্যে ৬ হাজার ১৯৮ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ১ লাখ ২০ হাজার জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করবেন।
এবার কোনো হজ যাত্রী কোনও ট্রাভেল এজেন্সি দ্বারা প্রতারণা ও হয়রানির শিকার হবে না বলে নিশ্চিত করেন ধর্মমন্ত্রী মতিউর রহমান।
আর বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী একেএম শাহজাহান কামাল বলেন, এবার হজযাত্রীদের কোনও ধরনের ভোগান্তিতে পড়তে হবে না। এছাড়া হজ ফ্লাইটের সিডিউল বিপর্যয়েরও সম্ভবনা নেই।
এর আগে হজ ফ্লাইটের উদ্বোধন উপলক্ষে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। তারা হজ যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং মোনাজাতের মাধ্যমে উদ্বোধন করেন প্রথম হজ ফ্লাইট।
গত ১১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশকোনায় হজ কার্যক্রম উদ্বোধন করেন। ১৪ জুলাই শুরু হয়ে ১৫ আগস্ট পর্যন্ত চলবে হজ ফ্লাইট।
২৭ আগস্ট হজের ফিরতি ফ্লাইট শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর শেষ হবে।