রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় যমুনা ফিউচার পার্কে ভারতের সমন্বিত ভিসা আবেদন কেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং যৌথভাবে এই ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও দুই দেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন এই ভিসা আবেদন কেন্দ্রে ঢাকায় বিদ্যমান সব ভিসা আবেদন কেন্দ্র প্রতিস্থাপন করা হবে। একইসঙ্গে ভারতীয় ভিসা আবেদন জমা দেওয়ার জন্য বিদ্যমান ই-টোকেন ব্যবস্থাও প্রত্যাহার করা হয়েছে।
মতিঝিল ও উত্তরায় অবস্থিত ভিসা আবেদন কেন্দ্রসমূহ ১৫ জুলাই থেকে এবং গুলশান ও মিরপুর রোডের ভিসা আবেদন কেন্দ্র ৩১ আগস্টের মধ্যে নতুন এ ভিসা আবেদন কেন্দ্রে স্থানান্তরিত হবে।
এরপর থেকে যমুনা ফিউচার পার্কের এ কেন্দ্রেই হবে পূর্ব নির্ধারিত সাক্ষাৎকার সূচি ছাড়াই সব শ্রেণির ভারতীয় ভিসার জন্য একমাত্র ভিসা আবেদন কেন্দ্র।