মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন আইন-শৃংখলা নিয়ন্ত্রণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি আমির হোসেন আমু।
বুধবার সকালে সচিবালয়ে এ সংক্রান্ত বৈঠকের পরে সাংবাদিকদের তিনি বলেন, শেকড় উৎপাটন না হওয়া পর্যন্ত মাদক বিরোধী অভিযান চলবে। এমনকি কোনো জনপ্রতিনিধি এরসঙ্গে সম্পৃক্ত বলে প্রমাণিত হলে তিনিও রেহাই পাবেন না।
আসন্ন তিন সিটি নির্বাচনে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে নিশ্চিত করেন আমু।
তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে না আসা পর্যন্ত সরকারের মাদক বিরোধী অভিযান চলবে। আর মাদকের সঙ্গে জনপ্রতিনিধিরাও জড়িত থাকলে বিচারের আওতা থেকে রেহাই পাবেন না।
সম্প্রতি শেষ হওয়া গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে আমু বলেন, আসছে তিন সিটি নির্বাচনেও আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে। এ বিষয়ে বৈঠকে আইন-শৃংখলা বাহিনীকে দিক-নিদের্শনা দেয়া হয়েছে।
গেল কয়েক মাসে ত্রিশ হাজারেরও বেশি মাদক সংক্রান্ত মামলা হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, বর্তমানে দেশের আইন-শৃংখলা পরিস্থিতি ভাল রয়েছে।
তবে যে দুটি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে—তার উৎস ও কারণ উৎঘাটন করা গেছে বলে জানিয়েছেন তিনি।