উন্নত জাতি গঠনে শিক্ষা ও শিক্ষিত জাতিগোষ্ঠী প্রয়োজন বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভবিষ্যতে যেন দেশ পিছিয়ে না পড়ে সেজন্য উন্নয়নের ধারা ধরে রাখতে হবে।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বর পাওয়া ১৬৩ শিক্ষার্থীকে স্বর্ণপদক তুলে দিয়ে এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, সারাদেশে দ্রুত গতির ইন্টারনেট সেবার কারণে শিক্ষার্থীরা আধুনিক শিক্ষার সুযোগ পাচ্ছে।
দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের ভালো ফল অর্জনে উৎসাহ প্রদানের জন্য ২০০৫ সাল থেকে "প্রধানমন্ত্রী স্বর্ণপদক" প্রবর্তন করা হয়। এরই ধারাবাহিকতায় ২০১৭ সালে নিজ নিজ অনুষদে সর্বোচ্চ নম্বর পাওয়ায় "প্রধানমন্ত্রী স্বর্ণপদক" পেলেন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ১৬৩ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ১০১ জন ছাত্রী ও ৬২ জন ছাত্র।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসির উদ্যোগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পদক প্রদান অনুষ্ঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের হাতে পদক তুলে দেন।
স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা মেধাবী— তাদের মেধা বিকাশের সুযোগ করে দিতে হবে।
বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপের কারণেই দেশ আজ উন্নয়নশীল— এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
বর্তমান সরকার বহুমুখী শিক্ষার ব্যবস্থা করছে-এ কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, উচ্চশিক্ষার মানন্নোয়ন প্রকল্প নেয়া হয়েছে, সেজন্য কমিশনও গঠন করা হবে। শিক্ষিতের শতভাগ করার লক্ষ্যে কাজ করছে সরকার।