চলমান রাজনৈতিক সংকট নিরসনে বিএনপির সঙ্গে সংলাপের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘সংলাপের এখন আর সুযোগ নেই, এমনকি কোনো সম্ভাবনাও নেই। তবে সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ থাকা ভালো। যোগাযোগটা থাকলে অনেক কঠিন বরফও গলতে পারে।
সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংলাপের জন্য বিএনপি সব সময়ই প্রস্তুত।
ওই সময় ফখরুল বলেন, আওয়ামী লীগ ফোন করলে আমরাও ফোন করবো।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেন, কোনো শর্ত দিলে ফোন দিতে রাজি নই— আমি কল করলে উনি (মির্জা ফখরুল) কল করবেন, ব্যাপারটা ‘শর্তযুক্ত’, এটা কোনো রাজনৈতিক ভাষা হতে পারে না।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, সিটি করপোরেশন নির্বাচন ভালো হবে- কিন্তু বিএনপি যদি না জেতে তাহলে ভালো হবে না। আমি জানি না এই সংস্কৃতি থেকে তারা কবে বেরিয়ে আসবে। জিতলে ভালো আর না জিতলে নির্বাচন ভালো নয়- এই সংস্কৃতি থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে।