রাজধানীতে সড়ক দুর্ঘটনা দুই শিক্ষার্থীর নিহত হওয়ার ঘটনা দায়ীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে বলেও জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার রাজধানীর ধানমণ্ডিতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, সরকার এ বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। আমরা চুপ করে বসে নেই। ঘটনার সঙ্গে জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আইনের আওতায় আনা হয়েছে। বিচারের সম্মুখীন করা হবে। আমি কোমলমতি শিক্ষার্থীদের বলবো- ক্লাসে ফিরে যাও, তোমরা শান্ত হও, পড়াশুনায় মনোযোগী হও।
রাজধানীতে সড়ক দুর্ঘটনার দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত হয়ে ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি কোমলমতি তরুণদের প্রতি আহ্বান জানাবো— প্লিজ, তোমরা শান্ত হও। পড়াশুনায় মনোনিবেশ করো।
মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মঙ্গলবার সকাল থেকে ঢাকার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ-ভাঙচুরের কারণে রাজধানীর সড়ক যোগাযোগ বিপর্যস্থ অবস্থায় পড়েছে। এরআগে রোববার দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাস স্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের একটি বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজিব। একই ঘটনায় আহত হয়েছেন আরও ১০/১৫ জন শিক্ষার্থী। এর প্রতিবাদে গত দু’দিন ধরেই রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ চালিয়ে আসছে।
এদিকে, একই সংবাদ সম্মেলনে সিলেটে আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতার কারণে দলের পরাজয় হয়েছে বলে জানিয়েছেন দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে অন্য সিটিগুলোতে আওয়ামী লীগের বিজয় প্রমাণ করেছে মানুষ বিএনপির নেতিবাচক রাজনীতি বর্জন করেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের রাজনীতি গ্রহণ করেছে।
সিলেটে বিজয়ী প্রার্থী আরিফুলকে অভিনন্দন জানিয়ে ওবায়দুল কাদের প্রশ্ন রাখেন, তিনি কী এখনো পুনর্নির্বাচন চান?
এছাড়া রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল নিয়ে আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের বিশাল ব্যবধানে জয়ের বিপরীতে সিলেট নির্বাচনে পরাজয়ের জন্য দলীয় সাংগঠকি কাঠামো দুর্বলতার কথা স্বীকার করেন তিনি।
খুলনা, গাজীপুর, বরিশাল, রাজশাহী সিটি করপোরশনে দলীয় প্রার্থীদের জয়ের মাধ্যমে দেশের মানুষ প্রধামন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের রাজনীতি গ্রহণ করে বিএনপির সন্ত্রাসের রাজনীতি বর্জন করেছে বলে দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
তিনি অভিযোগ করেন বিএনপি এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নির্বাচনে অংশগ্রহণ করেছিলো।